
রাত ৮টার মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার টিকাটুলির শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশতলা বিশিষ্ট শেখ হাসিনা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ২৫ ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর কাউন্সিলরবৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।
শেখ তাপস বলেন, আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই। আমরা রাত ৮টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান-পাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে দেখি একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা – বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা মনে করি ঢাকাবাসীর জন্য ঢাকা শহরের দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ করলে সামগ্রিক কার্যক্রম একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে পারব। আটটার মধ্যে দোকানপাট বন্ধ করা হলে ঢাকা শহর যানজট হতে অনেকটা মুক্তি পাবে, পরিবারের সাথে সময় কাটাতে পারব, সন্তানদেরকে সময় দিতে পারব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদেরকে যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সকল পিতা-মাতার সন্তানের সাথে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সেটা ভুলে যাই, সেটা খেয়াল করিনা। আমরা ক্লান্ত হয়ে বাসায় যাই, নিজেদের মতো করে হয়তোবা আমরা ঘুমিয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু সন্তানদের সাথে সময় দেওয়া যে কোন জাতি গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সকল কিছু বিবেচনা করে আমরা রাত ৮টা পর্যন্ত দোকান-পাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য আমি সকলের সকলের সহযোগিতা কামনা করছি।