
মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গ কার্টুন প্রকাশকে একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সকল ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে তার সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।
আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বক্তব্য তুলে ধরেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মহাসচিব বলেন, বিএনপি মনে করে, পবিত্র ইসলাম ও মহানবী (স:) এর অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা গোটা মানবজাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমণীয় হুমকিতে পরিণত হয়েছে। এই সংকট থেকে বেড়িয়ে আসার এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেয়ার মত মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। কারণ, ঘৃণা ও সন্ত্রাস-কোনটাই বিশ্ববাসীর কাম্য নয়।
এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রচারাভিযানে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।