
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিন জনের মাঝে দু‘জনের ছিলো প্রেমের সম্পর্ক। তাদের সহযোগিতা করতে মোটরসাইকেলে আরেক বন্ধু ছিল। তিনিও দুর্ঘটনায় মারা গেছেন। তারা রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার ওসি তদন্ত বাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিল।
রাত ১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহতরা হলো- সদর উপজেলার কাকমারা এলাকার আবদুল মান্নানের মেয়ে মমতা (১৫), সে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাথী। দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮) এবং বন্ধু বাপ্পি (২২) করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে।