গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচীতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সোবাহান, পলাশবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেশ ইমাম মো. আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক এ্যাসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন হাওলাদার, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, পলাশবাড়ী পৌরসভার নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থী গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। পৌরসভা বাস্তবায়নে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বিপ্লব। আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বিপ্লবের জনপ্রিয়তা ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। ব্যক্তিগত স্বার্থে অপপ্রচারকারীদের এই ঘৃণ্য চক্রান্ত কোনোদিন বাস্তবায়িত হবে না। এসব অপপ্রচার বন্ধসহ ঘটনার সুষ্ঠ বিচারে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাবু সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে জড়িয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। এছাড়া গত কয়েকদিন ধরে ফেসবুকে ছবিসহ বিপ্লবের বিরুদ্ধে মনগড়া, ভিত্তিহীন এবং আপত্তিকর বিভিন্ন ধরণের অপপ্রচার চালানো হয়।