
এবার প্রকাশ্যে দিবালোকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অস্ত্রধারী দুর্বৃত্তরা সোনালী ব্যাংক উথলী শাখায় প্রায় ৯ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে।
রোববার(১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
অস্ত্রের মুখে প্রহরী, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৯ লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা।
জানা গেছে, হেলমেট ও পিপিই পরে তিন ব্যক্তি গ্রাহক পরিচয়ে ব্যাংকে প্রবেশ করে।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উথলী বিশেষ ক্যাম্পের সদস্য এবং জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালায়।
কিন্তু এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেছেন।
ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী বলেন, ‘বেলা সোয়া একটার দিকে হেলমেট ও পিপিই পরে ব্যাংকের ভেতরে ঢোকেন তিনজন। তাদের একজন প্রথমেই এক প্রহরীর গলায় ধারালো চাকু ঠেকিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেন।
বাকি দু‘জন অস্ত্রের মুখে সব কর্মকর্তা-কর্মচারী, প্রহরী ও গ্রাহকদের জিম্মি করে একটি ঘরে বন্দী করে ফেলেন। পরে ক্যাশ কাউন্টারে থাকা ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে তারা।’
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ব্যাংকের ভল্ট খুলে দিতে বাধ্য করে। কিন্তু ওই সময়ই টাকা তুলতে একজন গ্রাহক ব্যাংকে আসেন। তিনি অস্ত্রধারীদের দেখে ব্যাংক থেকে বের হয়ে চিৎকার শুরু করলে অস্ত্রধারীরা দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যান। তাই ভল্টের কোনো টাকা লুট হয়নি।’