
মানসিক হাসপাতালে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত ১১ রোগী স্বজনদের অবহেলায় ফিরে যেতে পারছেন না আপন ঠিকানায়। তাই এখনও পড়ে আছেন অসনহায়ের মত পাবনা মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে ভর্তি করানোর সময় ভুল ঠিকানা দেয়ায় তাদের নিজ ঠিকানায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন কর্তৃপক্ষও।
প্রায় ৩২ বছর আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয় নাজমা নিলুফারকে। ১৯৮৯ সালের ১লা এপ্রিল যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় তখন তার বয়স ছিল ২৮ বছর। এখন তিনি বৃদ্ধা।
শুধু নাজমাই নন, মানসিকভাবে সুস্থ এবং ছাড়পত্র পাবার উপযুক্ত হয়েও হাসপাতাল ছাড়তে পারছেন না ১১জন। এমনকি হাসপাতালেই মৃত্যু হওয়া অনেকের মরদেহ গ্রহণ করেননি আপনজনেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ পরিবার একবার রোগী রেখে গেলে আর খোঁজ নিতে চান না। অতীতে জাতীয় পরিচয়পত্র না থাকায় ভর্তির সময় অনেকেই ব্যবহার করেছে ভুল ঠিকানা। মানসিক রোগীর প্রতি স্বজনদের আরো সহানুভুতিশীল হওয়ার আহ্বান চিকিৎসকদের।