
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী, পুত্র অনিক সিদ্দিকী ও কন্যা রায়না সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বেসরকারি এবি ব্যাংক।
জানা যায়, তাদের বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এবি ব্যাংক লিমিটেডের কারওয়ান বাজার শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় এ মামলা দায়ের করা হয়।
এদের মধ্যে, লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী ব্যাংকটির কারওয়ান বাজার শাখার ঋণখেলাপি ধলেশ্বরী লিমিটেড এবং ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান, পুত্র অনিক সিদ্দিকী ব্যবস্থাপনা পরিচালক এবং কন্যা রায়না সিদ্দিকী পরিচালক।
আলোচিত দুই প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের কাওরানবাজার শাখা পাওনা ৬০ কোটি টাকা খেলাপী ঋণ রয়েছে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গুলশান থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসামিদের ঠিকানায় যায়। কিন্তু গিয়ে আসামিদের না পেয়ে লতিফ সিদ্দিকীর সাথে গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কথা হয়। সেসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার স্ত্রী, পুত্র এবং কন্যার মামলাটি অতিদ্রুত মিটিয়ে ফেলতে তাগিদ দেন। অন্যথায় আবারও আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হবে বলে তাকে জানানো হয়।