
প্রবীণ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মহাসচিব ডা. নাহিদ ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ডা. নাহিদ বলেন, ‘আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি। আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাদ জোহার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাশ নিয়ে যাওয়া হবে। দাফন কোথায় হবে এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমরা কিছু জানি না।’
শুক্রবার (২৩ অক্টোবর) ডা. নাহিদ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়ার পর যে সংকটাপন্ন অবস্থাতে ছিলেন তিনি, এখনও সেভাবেই আছেন। তার অবস্থার কোনও পরিবর্তন বা উন্নতি হয়নি।’
গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক উল হককে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।