
২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় এক ধর্ষণের শিকার নারীকে দেখতে যাওয়ার সময় গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, আদালত রুল খারিজ করে দিয়েছেন। যেহেতু পুরনো মামলা, তাই তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলেছেন। আর আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স ১৬ বছরের বেশি ছিল। তাই শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।