
ক্ষতিকর মিথানল দিয়ে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুত করায় এর প্রস্তুত ও বাজারজাতকারক প্রতিষ্ঠান এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই পণ্য বাজার থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি বলেন, মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানোর কারণে এসিআইকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল দিয়ে বানানো তিনটি ব্যাচের হ্যান্ড স্যানিটাইজার মার্কেট থেকে প্রত্যাহার করতে আদেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৪ অক্টোবর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। পরে কারখানাটি সিলগালা করে রাখে র্যাব। পরীক্ষা করে বিষাক্ত মিথানল পাওয়া যাওয়ায় রবিবার রাতে এক কোটি টাকা জরিমানা করা হয়।