
কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের ফিশিং ট্রলার জব্দসহ ৫ লাখ ইয়াবাসহ ৭ পাচারকারীকে আটক করেছে টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিএন বলেন, ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারসহ আটককৃত ৭ মাদক পাচারকারীকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে জানতে পারে যে একটি ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে সাগরে কোস্টগার্ডের একটি দল সেখানে অবস্থান করেন। কিছুক্ষণ পর একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেন।
ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে একটি ট্রলার এবং এক রোহিঙ্গাসহ ৭ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
এসময় ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।