
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
গতকাল বুধবার রাতে উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই ব্লক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক মো. রবিউল ইসলাম (২৫) বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়ার আবুল কালামের ছেলে।
কক্সবাজার-১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা শিবিরে কর্মরত পুলিশ পরিদর্শক রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল অভিযান চালায়। তারা রোহিঙ্গা শিবিরের ওই এলাকা থেকে আসামি মো. রবিউল ইসলামকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালো পলিথিনে মোড়ানো একটি শাটারগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করে।
আটক যুবক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছেন।
এপিবিএন কর্মকর্তা বলেন, এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দ অস্ত্র ও গুলিসহ আটক আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।