
পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে জুয়াড়ীদের আটক করতে গিয়ে মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক সহ পাঁচ পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ জুয়াড়ীকে হাতে নাতে আটক করে পুলিশ।
সোমবার রাত ১২ টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ’কিংস’এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুলিশ উপ-পরিদর্শক মো. মনির হোসেন (৩০) মো. আসাদুজ্জামান জুয়েল (২৮), পুলিশ কনেষ্টেবল মো. ইব্রাহিম (৩০) মৃদুল কান্তি বেপারী (২৩) ও মো. রফিকুল ইসলাম (২২) । এদের ঘটনার দিন রাত আড়াইটার দিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মো. মজিবর (২৯), হোটেল বনানী প্যালেসের ম্যানেজার শাহীন খান (৩০), মহিপুর সদর ইউনিয়নের গোলাম মাওলা (৩০) রবিউল (২৯) ও কলিম মাহমুদ (৩২) ।
এ সময় জুয়ার আসর থেকে নগদ পাঁচ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয় । আটক জুয়াড়ীদের বাড়ী কুয়াকাটা পৌরসভা ও মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুয়াকাটার আবাসিক হোটেল ‘কিংস’এ দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল জুয়াড়ীরা। সোমবার রাতে পুন:রায় তারা জুয়ার আসর বসায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে গেলে জুয়াড়ীরা
পুলিশের উপর হামলা চালায়।
এ ঘটনায় মহিপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জুয়েল বাদী হয়ে দ:বি: ৩৫৩/৩৩২/১৮৬/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।