
বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদের সামাজিক সুরক্ষাসহ মানবিক সহায়তা দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববার (০৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বিদেশফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মী এবং প্রবাসীদের কর্মীদের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে পাওয়া তালিকার ভিত্তিতে এ সহায়তা দেয়া হবে।
উল্লিখিত মানবিক সহায়তা পেতে ইচ্ছুক সব বিদেশফেরত কর্মী ও প্রবাসী কর্মীদের পরিবারকে স্ব-স্ব জেলার জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসে এবং যেসব জেলায় কর্মসংস্থান অফিস নেই সেসব জেলার জেলা সদরে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (www.probashi.gov.bd) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (www.bmet.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।