
গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে নদীতে সাঁতরিয়ে কে কার আগে ওপারে উঠতে পারে এমন বাজিতে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। স্থানীয়দের সহায়তায় দীর্ঘসময় সন্ধ্যানের পর ফায়ার সার্ভিস কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দির (বাউলাপাড়া) গ্রামের নজির হোসেনের ছেলে আমিনুল অন্যান্য দিনের ন্যায় তার অপর দুই বন্ধুসহ ২৫ জুলাই শনিবার দুপুরে বাড়ীর পাশে মৎস্য নদীতে গোসল করতে যায়। এসময় ওই তিন যুবকের মধ্যে নদীতে সাঁতরিয়ে এপার থেকে কার আগে কে ওপারে গিয়ে উঠে পারে এনিয়ে বাজি হয়। একপর্যায় তিন বন্ধুর সাঁতরানোর প্রতিযোগিতায় দুই বন্ধু নদীর ওপারে গিয়ে উঠতে সক্ষম হলেও আমিনুল বন্ধুদের চোঁখ এড়িয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় তাকে না পেয়ে অবশেষে বিষয়টি গোবিন্দগঞ্জ ফায়ারসার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় সন্ধানের পর অবশেষে বিকেল ৩টার দিকে আমিনুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।