
জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক বগুড়ার সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, কামরুন্নাহার পুতুল গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।
তিনি বলেন, কামরুন্নাহার পুতুল ক’দিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।