
করোনাভাইরাস উপসর্গ নিয়ে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন। আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
বৃহস্পতিবার (৭মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আসলামের সহকর্মী ইমরান রহমান।
ইমরান রহমান জানান, কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন আসলাম রহমান। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে তার। রাতে শান্তিবাগের বাসায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।