
নভেল করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রী নিয়ে সিলেটে আন্তঃনগর ট্রেন যাওয়ার ঘটনা দেখা গেছে। তবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ বিষয়ে দাবি করেছেন রেলের নিয়মিত কার্যক্রমের জন্যই ট্রেন সিলেটে গিয়েছে। রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
রেলমন্ত্রী বলেন, ওই ট্রেনে করে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করা হচ্ছিল। ট্রেনে থাকা টাকার নিরাপত্তা দিতে কিছু নিরাপত্তাকর্মীকে নেওয়া হয়। এটা রেলের নিয়মিত কার্যক্রম।
নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা থেকে সিলেটে যে ট্রেন গিয়েছে, সেখানে সাধারণ কোনো যাত্রী ছিল না। তবুও আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, ইতোমধ্যে সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে। অনিয়ম কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে রেল সচিব মোফাজ্জেল হোসেন বলেন, এটি কোনো সম্পূর্ণ ট্রেন ছিল না। শুধু ট্রেনের দু’টি বগি ইঞ্জিনের সঙ্গে ছিল। এখানে শুধু রেলের স্টাফরাই ছিল, বাইরের লোক ছিল না। ট্রেনটিতে করে আমাদের স্টাফদের বেতন নিয়ে যাওয়া হয়েছিল। ভোলাগঞ্জে রেলের যে পাথর মহল আছে, সেখানে কর্মরত কিছু নিরাপত্তাকর্মী ওই ট্রেনে করে গেছে। মাঝপথে তারা ট্রেনে উঠেছিল তাই লোক বেশি মনে হয়েছে।