
নভেল করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের দফতার, অধিদপ্তর ও সংস্থার সবার ছুটি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংবাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবাই কাজ করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সব অধিদফতর, অধিদফতর ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিলের আদেশ বহাল থাকবে।
তিনি বলেন,করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।
এসময় বিদেশে যারা অবস্থান করছে তাদের এই মুহূর্তে দেশে আসার পরামর্শ দেন মন্ত্রী।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬১ জন নিহত হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।