
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টেংরা নামক এলাকায় আখিরা নদীর বামতীর সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আখিরা নদীর সংরক্ষণ কাজ এলাকার টেংরা নামক স্থানে ১ মার্চ রোববার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরসভার পৌর প্রশাসক আবু বকর প্রধান। অন্যান্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ড পলাশবাড়ী পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবিএম মাহবুবুল আলম খন্দকার, সংশ্লিষ্ট ইউপির ইউপি সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে গৃহীত করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১২.২৫০ কি.মি. হতে ১২.৫০০ কি.মি. পর্যন্ত ২৫০.০০ মিটার দৈর্ঘ্য পূর্ব সতর্কতামূলক তীর প্রতিরক্ষা সংরক্ষণ কাজ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পটি ১৭ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২৫ জুলাই ২০২০ এর মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারন করা হয়েছে। নদী সংরক্ষণ কাজটি করছেন গাইবান্ধার ব্রিজ রোডের আব্দুল লতিফ হক্কানীর ঠিকাদারী প্রতিষ্ঠান।