
সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি জানান, দেশে মোট নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ ও পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার ৩৬০ জন। নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।
এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র্যালিতে অংশ নেন সিইসি। সেখানে তিনি বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক কারণ থাকতে পারে। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়।
সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরণের আয়োজন করে থাকে। নির্বাচনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব ইসি ভালোভাবে পালন করে বলে দাবি করেন তিনি।
এছাড়া ঢাকা-১০ আসনে নির্দিষ্ট ২১টি স্থানে পোস্টার টানানোর বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় ধন্যবাদ জানান সিইসি। একইসঙ্গে মাইকের ব্যবহার সীমিত ও প্রচারণার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি।
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম তথ্য চিত্রের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রমের নানা বিষয় তুলে ধরেন। পরে নতুন ভোটার অন্তর্ভূক্তির প্রক্রিয়া, সংশোধন ও নানা তথ্য সংবলিত একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন আইনমন্ত্রী আইনন্ত্রী আনিসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্ভুল ভোটার তালিকার প্রক্রিয়া অব্যাহত রেখে কেউ যেন অবৈধ ভাবে ভাটার হতে এবং রোহিঙ্গা বা অন্য কোন দেশের নাগরিক যেন ভোটার না হতে পারে সে জন্য সজাগ থাকতে হবে নির্বাচন কমিশনকে।