
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসী মারা গেছেন। তিনি গত ২৯শে ফেব্রুয়ারি দেশে ফেরেন। গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
এ ঘটনায় উপজেলা প্রশাসন দু’টি বেসরকারি হাসপাতালে মানুষের চলাচল সীমিত করেছে। ওই ব্যক্তির বাড়ির চারপাশের ১০টি ঘরের মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। তার দুই ছেলেও ইতালি প্রবাসী। গত ২৯শে ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এলাকায় স্বাভাবিক চলাফেরা করেন।
শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স ৬০। সবশেষ তথ্যমতে মারা যাওয়া ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় দাফনের ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।এছাড়া করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।