
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমনরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। রবিবার (২৯ মার্চ) সাপ্তাহিক হাট বন্ধ করে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ের আদেশ-নির্দেশ বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে সচেতন করতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয় উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা।
উপজেলা প্রশাসন এবং সেনা সদস্যদের যৌথ টহলের মাধ্যমে স্থানীয়দের করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়, পূর্বনির্ধারিত সাপ্তাহিক হাট কিংবা বাজার বন্ধ করে প্রাত্যহিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয়ের আদেশ-নির্দেশ বাস্তবায়নে সচেতনতা, পণ্যের মূল্যতালিকা সংযুক্ত রাখতে সতর্ক করা, স্থানীয় বাসিন্দাদের অযথা ঘরের বাহিরে বের হওয়া, মাস্ক পরার অনুরোধ এবং দোকানের সামনের চত্বরে ৩ ফুট পরপর দাগ দিয়ে লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় বিশিষ্টজন ও হাট-বাজার কমিটির সভাপতিদের নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যসামগ্রীর মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরন, স্ব-স্ব উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানগুলোর সামনে ৩ ফুট পর পর গোল দাগের মাধ্যমে স্থান চিহিৃতকরণ এবং বাজার কমিটি সংশ্লিষ্ট বাজারে মাইকিংয়ের মাধ্যমে প্রতিদিন বিকেলে বাজারে আসা লোকজনকে কাজ সেরে দ্রুত বাড়িতে ফিরে যাওয়ার আহবানসহ করোনার মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করতে বলা হয়।