
নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে চলতি বছরের মার্চ মাসের বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাড়ির মালিক শিউলী হাবিব।
আজ শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে রাজধানীর জুরাইনে তার তার বাড়ির সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি।
শিউলী হাবিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এ দেশের একজন নাগরিক হিসেবে আমার বাড়ির সব ভাড়াটিয়াকে মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি মনে করি, বাংলাদেশের সব বাড়িওয়ালাকে এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এ অবস্থায় সব নাগরিককে ঘরে বসে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
শিউলি হাবীবের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ১৩০ জনেরও বেশি মানুষ তার স্ট্যাটাসটি শেয়ার করেন, ৪৪ জন ব্যক্তি মন্তব্য করেন ও লাইক পড়ে পাঁচ শতাধিক।
বাড়িভাড়া মওকুফ প্রসঙ্গে জানতে চাইলে শিউলী হাবিব একটি অনলাইনকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে বাড়িভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘আমার ভাড়াটিয়াদের অনেকেই স্বল্প আয়ের মানুষ। তাদের উপার্জনের পথ প্র্রায় বন্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতি যতদিন থাকবে প্রয়োজনে ততদিন বাড়ি ভাড়ার টাকা নেব না’, যোগ করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে মরণঘাতী করোনাভাইরাসের সংকটে অন্তত তিনমাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ করেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেবেনি এমন নির্দেশনা দেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার এবিসি নিউজ ঘানার এক প্রতিবেদনে বলা হয়, উগান্ডার অর্থনীতিতে ইতিমধ্যেই করোনা আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে। ভাইরাস সংক্রমণের ভয়ে অনেক কর্মীই কাজে যোগ দিচ্ছেন না। এ পরিস্থিতিতে আগামী তিনমাস ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় না করতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছেন উগান্ডান প্রেসিডেন্ট।
সরকারের ওই নির্দেশনায় বলা হয়, যদি কোনো বাসার মালিক এই নির্দেশনা অমান্য করেন তাহলে তার ফ্ল্যাটটি সরকার নিয়ে নেবে অথবা তাকে সাত বছরের জেল দেওয়া হবে। এমনটি একই সঙ্গে দুই শাস্তিও তার জন্য কার্যকর করা হতে পারে।