
রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লাবলু (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ ঘটনায় ঘটে।
নিহত লাবলু সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দির ছেলে। এ ঘটনায় আহতরা রাজবাড়ী সদর হাসপাতাল চিকিৎসাধীন। নিহতের মরদেহ হাসপাতালেই রয়েছে।
স্থানীয়রা জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ি সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত লাবলু মোল্লার ভাই আবদুল মান্নান এর বিরোধিতা করে বলেন, গজবে তাঁর মৃত্যু হয়েছে।
আজ সকাল পৌনে সাতটার দিকে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ বাঁধলে লাবলু মোল্লা গুরুতর আহত হন। এ অবস্থায় তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।