
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে ইরান। প্রতিদিনই দেশটিতে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এরমধ্যেই আরো ভয়ঙ্কর খবর জানালো দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটি। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী।
আজ সোমবার রাজধানী তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ টাইম ম্যাগাজিন।
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য ৭১ বছর বয়সী মোহাম্মদ মীর মোহাম্মদী সম্প্রতি করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই তিনি হাসপাতালে বিশেষ চিকিৎসা নিচ্ছিলেন।
ইরানে ক্রমশ বিস্তার লাভ করছে প্রাণঘাতী করোনা। চীনের পর করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা এ দেশটিতেই সবচেয়ে বেশি।
সম্প্রতি দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরো পাঁচজন এমপি এতে সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক প্রাণ হারান।
মার্কিন সংবাদ সংস্থা এপি বলছে, ইরানে এখন পর্যন্ত ৯৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে অন্তত ৫৪ জনের যা চীনের বাইরে সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ১৫০ জন। ইরানে করোনাভাইরাসে মৃত্যুর হার নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।