
আজ ১৫ মার্চ ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’। বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোক্তা অধিকার দিবস পালন করছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী বাণী দিয়েছেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘দিবসটি একযোগে কেন্দ্রীয়, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উদযাপন করা হবে। পাশাপাশি বিশ্ব ভোক্তা অধিকার দিবসে হটলাইন সেবা চালু করা হবে। হটলাইন সেবার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।’
এ বছর করোনাভাইরাসের কারণে আয়োজন সীমিত করা হয়েছে। আজ বড় আকারে ট্রাক শো থাকবে, যেগুলো রাজধানীর আটটি রুটে অবস্থান করবে। জারিগানসহ থিম সং বাজবে এসব শোতে। এছাড়া ক্রোড়পত্র প্রকাশ, স্মরণিকা প্রকাশ, মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হবে।