
সিরাজগঞ্জে রাশিদা খানম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধা প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী তোজাম্মেল হকের স্ত্রী। হত্যার পর থেকেই তার ছেলে নাহিদ ইমরান ওরফে নিয়ন পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় নিয়নের। একপর্যায়ে নিয়ন তার মাকে বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে গলাকেটে পালিয়ে যান। ঘটনার সময় নিয়নের স্ত্রী এবং তার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতেই ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাশিদা বেগমের ছেলে নিয়ন একজন স্বাস্থ্য সহকারী। রাশিদা খানও স্বাস্থ্য সহকারী ছিলেন। নিয়ন জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে টাকা দাবি করতেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসপি বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ছুরিতে ঘাতকের হাতের ছাপ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করা হবে।