
খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানীতে নসিমনের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩) ও সুমন (২৮)।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ১১ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গিলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত নয়জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানান, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে উঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ১১ শ্রমিক। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।