
দিনাজপুরের বিরামপুর থানায় পুলিশের সেবা সহজতর করার লক্ষ্যে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন । এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম বার, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান ও সাংবাদিক রায়হান কবীর চপল,প্রমুখ। পরে পুলিশ সুপার বিরামপুর পৌরশহরের ঘাটপাড় এলাকায় ঢাকা মেডিকেল কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী রাজকুমার শীল’র বাসায় যান তিনি। এসময় অসুস্থ রাজকুমার শীলকে ফুল দিয়ে বরণ করেন। পরিবারের সবার সাথে কথা বলেন। পরে, রাজকুমার শীল’র হাতে চিকিৎসার জন্য নিজস্ব তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেন এবং আগামীতে প্রতিমাসে ৫ হাজার টাকা দেবার ঘোষণা দেন। সেইসাথে রাজকুমার শীলের জীর্ণ বাড়িটি মেরামতসহ বাড়ির পাশে একটি নতুন দোকানঘর তৈরি করে দেওয়ার ঘোষণাও দেন।