
করোনাভাইরাস আক্রান্ত চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, টাকার অভাব আমাদের নেই। অভাব থাকার কথাও নয়। সুতরাং এখানে বোধহয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নিজ দফতরে এক প্রশ্নের জবাবে অর্থ সংকট না থাকার কথা জানান অর্থমন্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না। ব্যক্তিগত খরচে কেউ ফিরলে পরবর্তী ব্যবস্থা সরকার নেবে।’ তিনি আরও বলেছিলেন, ‘আগে আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা আমার প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নেই।’
এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টাকার অভাবের কথা তিনি (পররাষ্ট্রমন্ত্রী) কখনও বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন, প্রথমেই ৩০০’র বেশি লোককে আমরা গিয়ে নিয়ে আসলাম। সেখানে টাকার ব্যাপারটা ছিল না।
তিনি আরও বলেন, চীনের উহানে ক্যাপ্টেন, ক্রুরা যারা বিমানে করে গেলেন, তাদের এখন আর কোথাও যেতে দিচ্ছে না। যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যেতে পারছেন না। ক্যাপ্টেন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছেন।
মন্ত্রী বলেন, এমনকি এয়ারক্রাফটগুলোকেও আর কোথাও যেতে দিচ্ছে না। এভাবে বন্ধ হয়ে গেলে তো আমরা কাজ করতে পারব না। সেজন্য উই আর টেকিং সাম টাইম (আমরা একটু সময় নিচ্ছি)। টাকার অভাব- এসব কোনো ব্যাপার নয়।