
চীনের নাগরিকদের জন্য বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফর নিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার জন্য বিমানবন্দরে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। কোনো রোগী শনাক্ত করা হলে তাকে চিকিৎসা দেয়ার জন্য কুর্মিটোলা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ইউনিট। তাছাড়া এ ভাইরাস মোকাবিলায় সরকার প্রস্তুত বলেও জানাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ডিসেম্বরে উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ফিলিপাইনে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারতসহ ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বহু দেশ। ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়। সেই তালিকায় এবার যোগ হলো বাংলাদেশও। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।