
চল্লিশ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লায় ২ নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
আটককৃতরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁও গ্রামের মো. দোলন মিয়ার স্ত্রী সুমী আক্তার (২৩) এবং এই জেলার ওসমানীনগর উপজেলার পুরানসতপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী লিপি বেগম (৪)।
আজ সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে যাত্রী বেশে অভিনব কায়দায় লাগেজের ভেতর শাড়ি ও কম্বলের ভাঁজে ইয়াবা নিয়ে সিলেট যাচ্ছিলেন দুই নারী। গাড়ি পরিবর্তনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর একটি মিষ্টি দোকানের সামনে অবস্থান করেন তারা।
তিনি জানান, রাত ১১টায় দুই নারীকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডিবি পুলিশের একটি টিমের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলে দুই নারী বিভ্রান্তিমূলক অথ্যপ্রদানে সন্দেহ হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো বড় বড় চারটি রোলে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, এর আগেও তারা টেকনাফ থেকে ইয়াবা সিলেটের বিভিন্ন এলাকায় পাচার করেছেন।
এর আগে গতকাল রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর মাতৃভান্ডার নামে একটি মিষ্টি দোকানের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।