
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া গতিতে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভেটকার চাপায় কমপক্ষে ১৫ জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটলে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, কুর্মিটোলা হাসপাতালের সামনে ফুটপাতে বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এ সময় একটি প্রাইভেট কার রাস্তার বাম দিকে ঢুকে যায়। একই সময় একটি বাসও স্টপেজে থামে। তখন প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ রাখতে না পারলে গাড়িটি ফুটপাতে উঠে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ১৫ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ওসি আরও জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর মধ্যে দুই জন নারী ও একজন শিশু রয়েছে। এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।