
চীনসহ সারাবিশ্ব যেখানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত ও উদ্বিগ্ন ঠিক তখনই মালিতে হানা দিয়েছে নতুন আরেক আতঙ্ক। আফ্রিকার এ দেশটিতে ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে এরই মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।
মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মালির সামোয়া গ্রামে গত মাসের শেষ দিকে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এ ভাইরাস জ্বরে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ইয়াকুবা মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে আলাদা। এ ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এএফপি দাবি করেছে যে গত বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি।
চলতি বছরের গত ১ ফেব্রুয়ারি ক্রিমিন-কঙ্গো ভাইরাস জ্বরে আরও ১৪ জন আক্রান্ত হন। তাদের মধ্যে বাড়িতেই পাঁচজনের মৃত্যু হয়, দু’জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।