
চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১১৫ জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৪৪ জনে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
হুবেই স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২ হাজার ২৪৪ জনের। এছাড়া এতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৯।
হিসেবে দেখা যায়, আগের তিন দিনের চেয়ে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমানে সারা চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে।