
সংসদীয় শূন্য ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, যশোর-৬, বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। আজ সোমবার তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ১৪ জন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন বিতরণ ও জমা নেয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেয়া হচ্ছে।
জানা গেছে, গাইবান্ধা-৩ আসনে সবচেয়ে বেশি আটজন মনোনয়ন প্রত্যাশি আবেদন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুবুল আজাদ, মাহমুদুল হক, একেএম মোকছেদ চৌধুরী, মফিজুল হক সরকার, ফজলুল করিম, ওমর ফারুক ও আজিজার রহমান।
বাগেরহাটে আবেদন ফরম সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন- এইচ এম মিজানুর রহমান জনি, আব্দুর রহিম খান, প্রবীর রঞ্জন হালদার ও আনিসুর রহমান মিলন। যশোরে শেখ আব্দুর রফিক ও বগুড়ায় মুজাহিদুল ইসলাম বিপ্লব।
এদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফরম বিতরণ। ইতোমধ্যে এক মেয়র প্রার্থী এবং ৩৫ জন কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তিনি হলেন- খোরশেদ আলম।
জানা গেছে, সংসদ সদস্য পদে আবেদন ফরমের মূল্য ৩০ হাজার টাকা, মেয়র পদে ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।
উল্লেখ্য, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে গত সোমবার (৮ ফেব্রুয়ারি)। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম বিতরণ ও জমা দেয়া যাবে। পরেরদিন ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।