
বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান।
বুধবার (০৫ জানুয়ারি) রাতে ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানটির তিন যাত্রী নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন।
তুর্কি গণমাধ্যম জানায়, বোয়িং-৭৩৭ মডেলের প্লেনটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে বাতাসের গতির দিকে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানান, নিহতদের মধ্যে একজন তুর্কি নাগরিক মারা গেছেন এবং আরও ১৫৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউই গুরুতর নয়।
ইস্তাম্বুলের গভর্নর জানান, আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়েছে।