
যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রেমবাগ এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর সদরের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যায়। তারা খোরশেদ আলীর গোয়াল থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন।
এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া দেয় এবং মসজিদের মাইকিং করে গরু চোরদের বিষয়ে ঘোষণা করা হয়। চোররা পালিয়ে যাওয়ার সময় প্রায় দেড় কিলোমিটার তাড়িয়ে অভয়নগরের প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলে এলাকাবাসী।
এ সময় তিন জনকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন মারা গেছে। আরও তিন জন পালিয়ে গেছে। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।’ওসি মো. তাজুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি