
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। ড. ইউনূস ছাড়াও তার প্রতিষ্ঠানের আরো তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য এ সমন জারি করেন আদালত। বিচারক ৬ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।
আজ সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম তাদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা আমলে নিয়ে এ সমন জারি করেন।
আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। শিগগিরই তাদের ঠিকানায় সমন পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে ৫ জানুয়ারি শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।
মামলার বিবাদীরা হলেন গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর।