
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ করতে হলে পরিচালকের অনুমতি নিতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তারপরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে।
আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন এখানে অনেক ধরনের রোগী থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকে। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদেরকে আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেওয়া সম্ভব হয় না।
বিশ্ব জুড়েই এমন নিয়ম জানিয়ে তিনি বলেন, তবে এ ব্যবস্থা শুধু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, বিশ্ব জুড়েই রয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই বিষয়টি যেমন আমরা দেখব তেমনি আপনারাও দেখবেন। এটি সকলের দায়িত্ব বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য করা যেতে পারে, ২০১৪ সালের ২১ এপ্রিল রামেক হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালালে হাসপাতালে রোগীর আত্মীয়কে মারপিটের ঘটনার ছবি ওঠান সাংবাদিকরা। এসময় সাংবাদিকদের লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান ইন্টার্ন চিকিৎসকরা। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন।