
সারাদেশের নদ-নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়ের প্রায় ৪০,০০০ অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (১ম পর্যায়) আগামী ২৩ শে ডিসেম্বর দেশব্যাপী একযোগে শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার এই অভিযানের লক্ষ্যে মন্ত্রণালয়ের সচিব কক্ষে পানি সচিব কবির বিন আনোয়ার মন্ত্রীপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সারাদেশের জেলা প্রশাসকদের সাথে একটি ভিডিও কনফারেন্স আয়োজন করেন।
কনফারেন্স অনুষ্ঠানের সময় অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মাহমুদুল ইসলাম এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব মোহাম্মদ রোকন উদ-দৌলাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি সচিব বলেন, পুনরায় দখল বন্ধ করার জন্য উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে সেখানে তৎক্ষনাৎ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজ অগ্রগতি করা হবে এবং যেসব জায়গায় প্রকল্প নেই সেখানে বৃক্ষ রোপন, বসার জায়গা তৈরিসহ স্থানীয় নাগরিকদের জন্য মনোরম পরিবেশএর ব্যবস্থা করা হবে।
কনফারেন্স চলাকালে উচ্ছেদ অভিযানে ইতোমধ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির কর্তৃক গৃহীত বিভিন্ন প্রস্তুতি এবং নানা প্রতিবন্ধকতা সম্পর্কে মতবিনিময় ও দিকনির্দেশনা দিয়েছেন পানি সম্পদ সচিব।
পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন এবং অভিযানের যেকোন জটিলতর কাজে মন্ত্রণালয় থেকে পানি সচিব সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রত্যেক জেলার জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করা হয়েছে।