
লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত বাসে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে বাসের সুপারভাইজার বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঘুন্টি এলাকায় ডিআর এন্টারপ্রাইজ নামে একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন ওই তরুণীর মা।
স্থানীয়রা জানায়, গতকাল ডিআর এন্টারপ্রাইজে ভুক্তভোগী ওই তরুণী যাত্রী হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার পাশে বসা যাত্রী হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় নেমে যায়। তখন ওই বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসে এবং তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় ওই বাসের অন্য যাত্রীরা দেখে ফেললে সুপাভাইজারকে ধরে মারধর করে এবং বাসটি ঘুন্টি এলাকায় এলে সুপারভাইজারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন যৌন হয়রানির শিকার ওই তরুণীর মা।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’