
একদিন আগেই দক্ষিণ ভারতের এক সিনেমা পরিচালক মেয়েদের কনডম রাখার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ধর্ষণকে মেনে নিতে। যা প্রকাশ্যে আসার পর গোটা ভারতে জুড়ে বিতর্ক দেখা দিয়েছে এবার ধর্ষণ নিয়ে মন্তব্য করলেন ভারতের রাজস্থানের অশোক গেহলট মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য ভানওয়ারলাল মেঘওয়াল। মোবাইল ও টিভির কারণেই ধর্ষণ হচ্ছে বলে দাবি করলেন ওই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
বৃহস্পতিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানের সমাজকল্যাণ মন্ত্রী মেঘওয়াল বলেন, মোবাইল ও টিভি আবিষ্কার হওয়ার আগে ধর্ষণের ঘটনা ঘটত না। কিন্তু, এগুলি আসার পরেই সমাজে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। মোবাইল ও টিভি দেখার জন্যই আজকের যুবকরা ভুল রাস্তায় হাঁটছে। তাদের যখন ইচ্ছা হচ্ছে মোবাইল খুলে যা খুশি দেখছে। এর ফলে তাদের মনে বিকৃত মানসিকতার জন্ম হচ্ছে। যার জেরেই সমাজে বাড়ছে ধর্ষণের মতো ঘটনা।
হায়দরাবাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের তিন মাসের মধ্যে বিচার হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, আদালতের উচিত তিনমাসের মধ্যে ধর্ষণের মামলার বিচার করা। তারপর দোষীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।
গত সোমবার একই সুরে কথা বলেছিলেন রাজস্থানের স্বাস্থ্য, জল ও সংস্কৃতি মন্ত্রী বি ডি কালা। তাঁর কথায়, আজকের প্রজন্মের বিকৃত মানসিকতা তৈরি হওয়ার বড় কারণ অত্যাধিক ইন্টারনেট ব্যবহার। ইন্টারনেটের ক্ষেত্রেও সিনেমার মতো সেন্সর হওয়া উচিত। রাজস্থানে টঙ্ক জেলায় একটি নাবালিকাকে খুনের পর শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল। এই ঘটনার নিন্দা করতে গিয়েই এই মন্তব্য করেছিলেন তিনি। সূত্র- সংবাদ প্রতিদিন।