
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয়। কারণ ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার সিলেটে বিজিবির অভিযানে জব্দ মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত আনা হবে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে।
তিনি আরো বলেন, সেখানে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। ভারত বারবার বলেছে, কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর ভারতজুড়ে ক্ষোভ-বিক্ষোভ-সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশেও অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।