
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দেশটির পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।
গতকাল সোমবার রাতে ভারতের গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮ জানুয়ারি ২০২০ সালে শ্রী বিজয় কেশব গোখলের দুই বছরের মেয়াদ শেষের পর, পরবর্তী পররাষ্ট্র সচিব পদে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন তিনি। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি।