
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান হলেন প্রকৌশলী সাঈদ আহমেদ। আজ মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৫তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি।
তিনি প্রকৌশলী খালেদ মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎপাদন (বিউবো) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাঈদ আহমেদ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। রংপুর জেলা স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি এবং ১৯৭৭ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
প্রকৌশলী সাঈদ আহমেদ ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস) ডিগ্রি অর্জন করেন।
১৯৮৪ সালের ১০ জানুয়ারি তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কার্যক্রম পরিদপ্তরে যোগ দেন।
পরবর্তীতে ২০০১-২০০৪ সাল পর্যন্ত তিনি বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও ২০০৫-২০০৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব পালন করেন।২০০৮-২০১৩ পর্যন্ত তিনি পাওয়ার সেলের পরিচালক, ২০১৪-২০১৫ পর্যন্ত সিস্টেম প্ল্যানিংয়ের পরিচালক, ২০১৬-২০১৭ পর্যন্ত প্রাইভেট জেনারেশনের প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী উৎপাদন হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।