
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কোল ইয়ার্ডের (কয়লা রাখার ডোম) কিন গুইলিন (৪০) নামে একজন চীনা শ্রমিক মারা গেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, কিন গুইলিন কোল ইয়ার্ডের ওপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৮০ ফুট ওপর থেকে সে নিচে পড়ে গুরুতর আহত হয়।
অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে। এরপর তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি না করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২ টার সময় সে মারা যায়।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এ কর্মকর্তা আরও জানান, কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। সে শুরু থেকেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিল।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কোল ইয়ার্ডের ওপরে উঠে সে কাজ করছিল। সেখান থেকে পড়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে সম্প্রতি নুডুলস খাওয়া নিয়ে এক চায়না শ্রমিকের চাকুর আঘাতে অপর এক চায়না শ্রমিক নিহত হন।