
ভারতের ছত্তিশগড়ের ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ক্যাম্পে সার্ভিস রাইফেল থেকে পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী এক ভারতীয় আইটিবিপি সেনা।
আজ বুধবার সকালে এই ঘটনা ঘটেছে ভারতের নারায়ণপুর জেলার ছাউনিতে। জওয়ানের গুলিতে আরও দুজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সূত্রে জানা যায়, সকাল ন’টা নাগাদ রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে নারায়ণপুর জেলার এই ছাউনিতে এক সেনা আচমকাই নিজের সার্ভিস রাইফেল হাতে তুলে নিয়ে গুলি চালাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে তাঁর গুলিতে পাঁচ সহকর্মী মটিতে লুটিয়ে পড়েন। এলোপাথাড়ি গুলি চালানোর জেরে আরও দুই সেনা গুলিবিদ্ধ হন। এরপর ওই সেনা নিজেকেও গুলি করে আত্মঘাতী হন বলে জানিয়েছেন বস্তার রেঞ্জের আইজিপি পি সুন্দররাজ।
পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই সহকর্মীদের গুলি করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় চরম সিদ্ধান্ত নেন ওই জওয়ান। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইটিবিপি কর্মকর্তারা। কিন্তু ততক্ষণে নিজেকেও গুলি করে দেন ওই সেনা। সূত্র: সংবাদ প্রতিদিন।