
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রশিদ ১৩টি মাদক মামলার আসামি।
গতকাল বুধবার রাত নৌনে ১টার দিকে ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে এঘটনা ঘটে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গতকাল বুধবার রাত ইউনিয়নের নারায়ণপুর বাজারের কাছে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের দুটি টিম অভিযান চালায় সেখানে। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।
সহযোগীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামে একজনকে আটক করে পুলিশ। আহত রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় শামীম আল মামুন নাম পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, বেশ কিছু কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।